সেতু খন্দকার
ঈদের ভূরিভোজে পাতে একটু মিষ্টান্ন না হলে যেন খাওয়াটা জমেই না। আর যেহেতু ঈদ বলে কথা, মিষ্টান্নও হওয়া চাই একটু বেশি স্বাদের। আর তাই সাতকাহন২৪.কমের পাঠকদের জন্য নিয়ে এসেছি মালাই চমচম।
উপকরণ
গুঁড়া দুধ- দেড় কাপ
বেকিং পাউডার- ১/২ চা চামচ
ঘি- ১ চা চামচ
ডিম- ১টি
দুধ- ১/২ লিটার
চিনি- ১ কাপ
এলাচ গুঁড়া- এক চিমটি
সাজানোর জন্য কুঁচানো পেস্তা বাদাম
যেভাবে তৈরি করবেন
একটি বাটিতে গুঁড়া দুধ, বেকিং পাউডার, ঘি ও ফেটানো ডিম দিন। প্রয়োজনে সামান্য দুধ দিয়ে নরম একটি ডো তৈরি করুন। হাতে সামান্য ঘি মেখে ডো থেকে অল্প অল্প করে নিয়ে গোল বা পিলোর মতো ছোট ছোট বল বানান।
এগুলো কিছুক্ষণ রেখে দিন।
এবার একটি পাত্রে এক কাপ চিনি ও সামান্য পানি দিয়ে বাদামি রঙ হওয়া পর্যন্ত ক্যারামেলাইজ করুন। এরপর দুধ যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন। এক চিমটি এলাচ গুঁড়া দিয়ে সাত থেকে নয় মিনিট হালকা আঁচে জ্বাল দিন। তারপর তৈরি করা দুধের বলগুলো মালাই সসে দিয়ে দিন।
মাঝারি থেকে কম আঁচে পাঁচ থেকে সাত মিনিট রান্না করুন। মাঝে মাঝে চামচ দিয়ে আস্তে নেড়ে দিন যেন বলগুলো ভালোভাবে রস শুষে নিতে পারে।
সাত মিনিট পর চুলা বন্ধ করে আরও ১০ মিনিট রেখে দিন।
এরপর একটি সার্ভিং ডিশে ঢেলে ওপর থেকে কুঁচানো পেস্তা ছড়িয়ে পরিবেশন করুন।



