ডা. দবির হোসেন
টেনিস এলবো একটি প্রচলিত কনুইয়ের ব্যথার নাম। টেনিস এলবো (Tennis Elbow) হলো একটি সাধারণ অস্থি-সন্ধির সমস্যা, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় Lateral Epicondylitis ( ল্যাটারাল ইপিকন্ডিলাইটিস) বলা হয়।
এটি সাধারণত কনুইয়ের বাইরের অংশে ব্যথা ও অস্বস্তির সৃষ্টি করে। এটি প্রধাণত কবজি ও বাহু অতিরিক্ত ব্যবহারে বা চাপের কারণে হয়।
কারণ
যদিও নাম শুনে মনে হতে পারে এটি শুধু টেনিস খেলোয়াড়দের হয়, বাস্তবে এই সমস্যা যেকোনো পেশার মানুষের হতে পারে। বিশেষ করে যারা দীর্ঘক্ষণ একই ধরনের হাতের কাজ করেন। যেমন:
- টাইপিস্ট
- কাঠমিস্ত্রি
- রান্নার কাজ
- চিত্রশিল্পী
- দর্জি বা সেলাই মেশিন অপারেটর
অতিরিক্ত ব্যবহারজনিত কারণে কনুইয়ের বাইরের দিকে যেসব মাংসপেশি যুক্ত থাকে, সেগুলোর সংযোগস্থলে ছোট ছোট ছিঁড়ে যাওয়া ও প্রদাহ তৈরি হয়। এতে সৃষ্টি হয় ব্যথা ও দুর্বলতা।
লক্ষণ
- কনুইয়ের বাইরের দিকে তীক্ষ্ণ বা গভীর ব্যথা
- হাতে কিছু ধরলে ব্যথা বাড়ে
- হাতের শক্তি কমে যাওয়া
- কফি কাপ, কলম বা ব্যাগ ধরলেও ব্যথা অনুভব হওয়া
চিকিৎসা ও প্রতিকার
টেনিস এলবো সাধারণত বিশ্রাম ও ব্যায়ামের মাধ্যমে ধীরে ধীরে সেরে যায়। তবে দীর্ঘমেয়াদি হলে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। সাধারণ চিকিৎসার ধাপগুলো হলো:
১. বিশ্রাম ও বরফ সেঁক
প্রথমদিকে আক্রান্ত হাতকে বিশ্রামে রাখা উচিত। ১৫ থেকে ২০ মিনিট করে দিনে তিনবার বরফ সেঁক দিলে উপকার পাওয়া যায়।
২. ফিজিওথেরাপি (একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী)
- স্ট্রেচিং ও শক্তিবর্ধক ব্যায়াম, (ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী)
- হালকা ম্যাসাজ/ডিটিএফএম (ডিপ ট্রান্সভার্স ফ্রিকশন ম্যাসাজ)
- আল্ট্রাসাউন্ড বা TENS থেরাপি
৩. ওষুধ ও ব্যথানাশক
প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যথানাশক বা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ওষুধ খাওয়া যায়।
৪. ব্রেস বা স্ট্র্যাপ
বিশেষ ধরনের টেনিস এলবো স্ট্র্যাপ বা ব্রেস ব্যবহার করলে ব্যথা কমে।
৫. ইনজেকশন বা সার্জারি (প্রয়োজনে)
উপরের কোনো পদ্ধতি কাজ না করলে, চিকিৎসক স্টেরয়েড ইনজেকশন বা রেয়ার কেসে সার্জারির পরামর্শ দিতে পারেন।
প্রতিরোধ
- একই কাজ বারবার না করা
- কাজের মাঝে বিরতি নেওয়া
- সঠিক ভঙ্গিমায় কাজ করা
- হাত ও কবজির ব্যায়াম করা
টেনিস এলবো একটি বিরক্তিকর কিন্তু নিরাময়যোগ্য সমস্যা। সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে এ রোগ পুরোপুরি ভালো হয়ে যেতে পারে।
লেখক : জুনিয়র কনসালটেন্ট, পেইন ম্যানেজমেন্ট রিজুভা ওয়েলনেস



