সাতকাহন২৪.কম ডেস্ক
বর্ষায় ঠান্ডা-কাশি, জ্বর ও পানিবাহিত রোগ ইত্যাদি হওয়ার আশঙ্কা বেশি থাকে। তাই এই সময় খাওয়ার ক্ষেত্রে যেমন সতর্কতা মেনে চলতে হয়, তেমনি পুষ্টিকর খাবারও খেতে হয়।
বর্ষায় খাবার-দাবার গ্রহণের ক্ষেত্রে কিছু প্রয়োজনীয় পরামর্শ জানিয়েছেন পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান পুষ্টিবিদ নিশাত শারমিন নিশি। চলুন জানি-
- বর্ষায় বাহিরের খোলা খাবার খাওয়ার বেলায় সাবধানতা মেনে চলতে হবে। অনেক সময় দেখা যায়, ভ্যানে যেসব খাবার বিক্রি করা হয় (বিশেষ করে সবজি) সেগুলোতে অণুজীব বা ব্যকটেরিয়া তৈরি হয়। এসব শাক-সবজি কিনলে অবশ্যই ভালোভাবে রান্না করে খাওয়া ভালো। আধাসিদ্ধ খাওয়া যাবে না।
- এই সময় যেহেতু আবহাওয়ায় একটি পরিবর্তন আসে, তাই অনেকের গলাব্যথা, গা ম্যাজ ম্যাজ করা ইত্যাদি ঝামেলা হতে দেখা যায়। এই ক্ষেত্রে আদার রস, আদার চা, মসলার চা ইত্যাদি খাওয়া যেতে পারে। এ ছাড়া সকালে তুলসি পাতা আদার রস খাওয়া যায়।
- আবহাওয়া ভেজা ভেজা থাকার কারণে অনেকে আবার দেখা যায়, পানিও কম খায় এই সময়। পানিশূন্যতা প্রতিরোধে স্যুপ জাতীয় খাবার খাওয়া যেতে পারে। তবে ভালো হয়, বাসার তৈরি স্যুপ খেতে পারলে। এটি সবজি, মুরগির মাংস, ডিম দিয়ে তৈরি করা যায়। স্যুপে সেলেনিয়াম থাকায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে।
- এ ছাড়া এই সময়ে ডেঙ্গুসহ নানা ধরনের ভাইরাস জ্বর হওয়ার আশঙ্কা থাকে। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই সময়ে যেই ফলগুলো পাওয়া যায়, সেগুলো খাদ্যতালিকায় রাখুন। বিশেষ করে জাম্বুরা, পেয়ারা, আমড়া ইত্যাদি ভিটামিন ‘সি’ জাতীয় ফলগুলো খাওয়া জরুরি।


