ঈদে মুখরোচক খাবার না হলে কি চলে? ঈদের দুপুরে বা রাতে তাই খাবারের আয়োজনে থাকতে পারে কাচ্চি বিরিয়ানি। রেসিপি দিয়েছেন আমেনা আক্তার। চলুন জেনে নিই রেসিপিটি-
উপকরণ
খাসির মাংস- ১ কেজি
পোলার চাল/ বাসমতি চাল- দেড় কেজি
পেঁয়াজ বেরেস্তা- ৩ কাপ
টক দই- দেড় কাপ
আধা বাটা- ২ টেবিল চামচ
রসুন বাটা- ২ টেবিল চামচ
মরিচ গুঁড়া- ২ চা চামচ
জয় ফল, জয়ত্রী বাটা- আধা চা চামচ
গরম মশলার গুঁড়া- দেড় চা চামচ
লবন- স্বাদমতো
এলাচ- ৬টি
তেল- বিভিন্ন সময়ে ব্যবহারের জন্য মোট দেড় কাপ
যেভাবে তৈরি করবেন
প্রথমে পেঁয়াজের বেরেস্তা করুন। এর পর মাংসকে একটি বাটিতে নিন। আধা কাপ পরিমাণ তেল দিন। এর উপর ভাজা পেঁয়াজ বেরেস্তা দিন দুই কাপ। এরপর এলাচ ছাড়া একে একে সব উপকরণ দিয়ে মাখিয়ে নিন। এবার প্রেশার কুকারে দিয়ে মাংস সিদ্ধ করে নিন।
এখন আরেকটি হাড়িতে বাকি তেলটুকু দিন। তেল গরম হয়ে এলে পেঁয়াজ, এলাচ ঢালুন। পেঁয়াজ ভাজা হয়ে এলে পোলার চাল দিন। একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রাখুন। চাল আধা সিদ্ধ হয়ে এলে এর মধ্যে কাচ্চির জন্য তৈরি করা সিদ্ধ মাংসগুলো দিয়ে দিন। একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। ঢাকনার চারপাশ একটি ভেজা গামছা দিয়ে আটকে দিন, যেন বাতাস না বের হতে পারে। ১০ থেকে ১৫ মিনিট চুলায় রেখে এর পর নামিয়ে বিরিয়ানির উপর ভাজা পেঁয়াজ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।



