সাতকাহন২৪.কম ডেস্ক
কাবাব দেখলে জিভে জল আসে না, এমন মানুষ মেলা দুষ্কর। তবে রান্নার ঝামেলার জন্য অনেকেই এটি তৈরি করা এড়িয়ে যান।
তবে এই ঈদে তেমন ঝামেলা ছাড়াই ঘরের মসলা দিয়ে, অর্থাৎ বাইরের বিশেষ মসলা ব্যবহার না করে সহজেই তৈরি করে নিতে পারেন শামি কাবাব। কাবারের রেসিপি দিয়েছেন আমেনা আক্তার।
উপকরণ
মাংস সিদ্ধ করার জন্য
- গরুর মাংস- ২৫০ গ্রাম
- বুটের ডাল- ৪/৫ কাপ
- আদা বাটা- ১ টেবিল চামচ
- রসুন বাটা- ১ টেবিল চামচ
- জিরা গুঁড়া- ১ চা চামচ
- লাল মরিচের গুঁড়া- ১ টেবিল চামচ
- গরম মসলার গুঁড়া- ১ টেবিল চামচ
- লবণ- স্বাদমতো
- সয়াবিন তেল- তিন টেবিল চামচ ( মাংস সিদ্ধ করার সময় ব্যবহারের জন্য)
কাবাবের মিশ্রণ তৈরি করার জন্য বা কাবাব মাখার জন্য
- পেঁয়াজ কুচি- হাফ কাপের একটু বেশি
- কাঁচা মরিচ কুচি- ১ চা চামচ
- ধনে পাতা- ২ টেবিল চামচ
- গরম মসলার গুঁড়া- ১ চা চামচ
- ডিম- ২টি
কাবাব ভাজার জন্য
- টোস্ট বিস্কুটের গুঁড়া- ৪/৫টি
- সয়াবিন তেল- দুই থেকে তিন কাপ
যেভাবে তৈরি করবেন
মাংস ছোট ছোট টুকরো করে হাড়-চর্বি ছাড়া কেটে নিতে হবে। বুটের ডাল আগে থেকে ভিজিয়ে রাখুন। অন্তত চার থেকে পাঁচ ঘণ্টা ভেজান।
এবার সব উপকরণ একসঙ্গে মিশিয়ে মাংসকে চুলায় বসিয়ে দিন। নাড়াচাড়া করুন। তেল উঠে এলে দুই কাপ পরিমাণ পানি দিন। অল্প আঁচে জ্বাল দিয়ে মাংস ভালোভাবে সিদ্ধ করুন। সম্পর্ণ প্রক্রিয়াটি হতে প্রায় এক ঘণ্টার মতো সময় লাগবে।
এবার মাংস চুলা থেকে নামিয়ে একটি পাত্রে রাখুন। ঠান্ডা হলে ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিন। চাইলে পাটায় বেটেও ভালোভাবে মিহি করতে পারেন। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি (চাইলে পেঁয়াজ আগে থেকে ভেজে রাখতে পারেন), ধনে পাতা কুচি, মরিচ কুচি, গরম মসলার গুঁড়া, ডিম একত্রে দিয়ে ভালোভাবে মেখে নিন। এবার মাংসের মিশ্রণটিকে হাত দিয়ে একটু একটু করে ছিড়ে একটি একটি করে কাবাবের আকৃতির করুন। এবার বিস্কুটের গুঁড়ার মধ্যে কাবাব মাখান। এপিঠ- ওপিঠ করে ভালোভাবে মাখাতে হবে।
এবার কড়াই বা ফ্রাইপ্যানে তেল দিয়ে ভাজুন। তবে ভাজার আগে তেল ও কড়াই ভালোভাবে গরম করে নেবেন। এতে সুবিধা হবে। চুলার আঁচ মাঝারি রাখবেন। কাবাবগুলো বাদামি রং হয়ে এলে তেল থেকে তুলে পোলাও বা রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।



